আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি এবং আমি মনে করি ১০ বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাবো, সরকার গঠন করব।”
রাজনীতিতে দীর্ঘ মেয়াদে নিজেকে কোথায় দেখতে চান—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “প্রথম থেকেই আমরা সামষ্টিক ধারণায় বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে কিছু ভাবি না। অনেক মানুষের জীবন এখন এটার সঙ্গে যুক্ত। তাই দীর্ঘমেয়াদে চিন্তা করেই রাজনীতিতে নেমেছি।”
উপস্থাপক পাল্টা প্রশ্ন করলে তিনি আরও বলেন, “১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে আমি আর রাজনীতি করব না। এই সময়ের মধ্যেই এনসিপিকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই।”
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। তবে দলটি অল্প সময়েই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “একটা রাজনৈতিক দল যেখানে ১৫-২০ বছরে পৌঁছায়, আমরা সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছি। গণভ্যুত্থান আমাদের অন্তত ১০-১৫ বছর এগিয়ে দিয়েছে। এখন দায়িত্ব আমাদের যোগ্যতা, সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করা।”
