চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তান থেকে আমদানি করা দুটি কনটেইনারে প্রায় ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি বীজ (পোস্ত দানা) আটক করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। চালানটি গত ৯ অক্টোবর বন্দরে আসে এবং পরে তা নেওয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচ. এম. কবির জানান, আটককৃত চালানের ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, কিন্তু কায়িক পরীক্ষায় প্রকৃত পণ্যের বাজারমূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং-এর নামে আসা এই চালানটি জব্দ করে।
চালান খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট এমএইচ ট্রেডিং ১৪ অক্টোবর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। তবে সন্দেহজনক তথ্য পাওয়ায় খালাস স্থগিত করা হয়। এরপর ২২ অক্টোবর কায়িক পরীক্ষায় কনটেইনার দুটি থেকে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড ও ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড উদ্ধার করা হয়। কনটেইনারের মুখে বার্ড ফুড সাজিয়ে রেখে ভেতরে পপি সিড লুকিয়ে রাখা হয়েছিল।
নমুনা পরীক্ষা শেষে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় একটি নমুনা পপি সিড হিসেবে শনাক্ত হয়।
আইন অনুযায়ী, অঙ্কুরোদগম উপযোগী পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। এছাড়া, আমদানি নীতি আদেশ ২০২১–২৪ এর অনুচ্ছেদ ৩(১)(খ) অনুযায়ী পপি সিড আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ১৫ নম্বরে রয়েছে।
মিথ্যা ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ পণ্য আমদানির অভিযোগে চালানটি কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার এইচ. এম. কবির।
তিনি আরও জানান, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আর এইচ/
