চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের অভিযানে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় অবৈধভাবে জ্বালানী কাঠ পাচারের সময় ১০০ ঘনফুট কাঠবোঝাই একটি জীপগাড়ি আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহর রেঞ্জের সহযোগী কর্মকর্তা সৈকত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এই গাড়িটি আটক করা হয়।
অভিযানের সময় জ্বালানী কাঠ বোঝাই গাড়িটির চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কাঠ ও গাড়িটি নাজিরহাট সরকারি কাঠ ডিপোতে হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে বন বিভাগ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বন মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন সহযোগী কর্মকর্তা সৈকত চৌধুরী।
বিভাগীয় বন কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। তিনি অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আরও কঠোর নজরদারির নির্দেশ দেন।
আর এইচ/
