ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফরে আপাতত অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানাতে চেয়েছিল। তাঁর ঢাকার বাইরেও কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে তাঁর আগমন নিয়ে নিরাপত্তা ও জনসমাগমের বিষয়টি বিবেচনা করে আপাতত অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আলোচনায় উঠে আসে, জাকির নায়েক দেশে এলে বিপুল জনসমাগম হতে পারে, যা নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন প্রয়োজন হবে। বর্তমানে জাতীয় নির্বাচন সামনে থাকায় সেই সক্ষমতা সীমিত। ফলে সিদ্ধান্ত হয়— নির্বাচনের পর তাঁর সফর বিবেচনা করা যেতে পারে, তবে নির্বাচনের আগে নয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের অভিযোগ তোলে ভারত সরকার। এরপর তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
আর এইচ/
