চট্টগ্রাম নগরীতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে হামজারবাগ সংগীত আবাসিক এলাকা থেকে নালার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পাঁচলাইশ থানা পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহত যুবকের নাম হাসিব বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহটি নালায় ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “আমরা দেখি একজন যুবকের হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিতকরণ ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
