চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ৩৪ নম্বর পাথরঘাটা এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-এ ইয়াজদাহম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অরাজনৈতিক সামাজিক সংগঠন পাথরঘাটা ঐক্য পরিষদ এই মাহফিলের আয়োজন করে।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, ফাতেহা-এ ইয়াজদাহম হলো সুফি সাধক ও ইসলামের দাঈ গাউসুল আজম হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস, যাকে স্মরণ করে মুসলমানরা বিশ্বজুড়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন।
অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ, আলেম ও বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে দুটি দিনের গুরুত্ব তুলে ধরেন। তারা মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণ এবং গাউসুল আজম (রহ.)-এর আধ্যাত্মিক জীবন ও মানবতা বিষয়ক শিক্ষার ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পাথরঘাটা ঐক্য পরিষদ জানায়, সংগঠনটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
আর এইচ/
