চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে নুরুল কবির (৬২) নামের ওই বাড়ির এক বৃদ্ধ একজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- নুরুল কবির, নুরুল ইসলাম, মো. শামীম, দিল মোহাম্মদ, জসিম উদ্দিন, মো. হোসাইন, ইসমাইল ও আব্দুর রহিম। আগুন লাগার সময় ঘর থেকে বের হতে গিয়ে নুরুল কবির আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহম্মেদ হোসেন বলেন, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আর এইচ/
