নগরের বায়েজিদ বোস্তামী থানার ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মোবারক হোসেনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মো. মোবারক হোসেন (৩৫) বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আলীর ছেলে। নিহত ফুল মিয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবারসহ নগরের মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
র্যাব-৭ জানায়, গত ২৮ সেপ্টেম্বর ফুল মিয়ার সঙ্গে মোবারক হোসেনের বাসার পানি ও বিদ্যুৎ সংযোগ নিয়ে কথাকাটাকাটির একপর্যায় মোবারক ও তার সহযোগীরা ফুল মিয়াকে মারধর করেন। মারধরের ফলে তিনি অচেতন হয়ে পড়লে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে অভিযোগ রয়েছে, মোবারক ও তার সহযোগীরা হাসপাতাল থেকে ফুল মিয়ার মরদেহ কৌশলে বাসার নিচতলায় ফেলে রেখে পালিয়ে যান। ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় ৭ জনকে আসামি করে মামলা করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামি মোবারককে শনাক্তের পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ/
