বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন, সংবিধান সংস্কার করা সরকারের অধিকার নয়। তিনি বলেন, “আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু সরকার সর্বদলীয় বৈঠকের নামে বিভাজন তৈরি করছে। আগামী নির্বাচনে আমরা অংশ নেব, তবে সরকার যদি ভাগাভাগির নির্বাচন আয়োজন করে তাহলে ছয় মাসের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। বিগত সরকারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার।”
বৃহস্পতিবার ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে এম এ মতিন এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি কালাবিবির দিঘি মোড়ের পার্ক ২৪ হল রুমে অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান আরও বলেন, “পিআর প্রথা বাংলাদেশের সংবিধানে নেই। বর্তমান সরকার যখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে চাচ্ছে, তখন কিছু দল পিআর নির্বাচনের নামে আন্দোলন চালাচ্ছে। এটি করলে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব হবে না। জুলাই আন্দোলনে সকলের অংশগ্রহণ ছিল, কিন্তু সরকার একপক্ষীয় আচরণ করছে, যা দেশের পরিস্থিতি খারাপ করছে।”
সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশের ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট আবু নাছের তালুকদার বলেন, “ইসলামী ফ্রন্ট দেশের পক্ষে কাজ করে যাচ্ছে। অসংখ্য পীর-আওলিয়ার ঐতিহ্যময় এই এলাকা সুন্নিয়তের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সামাজিক ঐক্য গড়ে তুলে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ শাহজাহান, আল্লামা ফেরদৌস আলম খান আল কাদেরীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওলানা মফিজুল হক।
আর এইচ/
