দেশের জ্বালানি নিরাপত্তা ও দ্রুত সরবরাহ নিশ্চিত করতে প্রথমবারের মতো সরাসরি পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত জ্বালানি তেল পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। এটি দেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা এমআই প্রান্তে পাইপলাইনটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, পতেঙ্গা ডেসপাস টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৪২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে এখন থেকে নিয়মিত তেল সরবরাহ করা হবে। যেখানে নদীপথে ডিজেল পরিবহনে সময় লাগত প্রায় ৪৮ ঘণ্টা, সেখানে পাইপলাইনের মাধ্যমে তা কমে দাঁড়াবে মাত্র ১২ ঘণ্টায়। এতে বছরে প্রায় ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে সংস্থাটি।
২০১৮ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পটির কাজ শেষ হয় ২০২৫ সালের মার্চে। ১৬ ইঞ্চি ব্যাসার্ধের প্রধান পাইপলাইনের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত আরও ৮ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া কুমিল্লায় নতুন একটি পেট্রোলিয়াম ডিপো তৈরি করা হয়েছে, যেখানে থেকে তেল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা যাবে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুল হক বলেন, “এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ। নারায়ণগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দেশের অন্যান্য ডিপোতে সরবরাহ সহজ হবে।”
বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানান, “এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহন নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব। গত জুনে পরীক্ষামূলকভাবে ৩২ হাজার টন ডিজেল চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে সরবরাহ করে আমরা সফলতা পেয়েছি।”
আর এইচ/
