চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে র্যাব-৭ এর একটি চৌকস দল সাতকানিয়া থানার কাঞ্চনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে সিএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, জাহেদুল ইসলাম ‘সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সি’ নামে একটি প্রতিষ্ঠানের আড়ালে হজে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। নগদ অর্থ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা নেওয়ার পর তিনি হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যেতেন।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—আবদুল্লাহ আল নোমান, মাসুদ গনি, মো. শহীদুল আলম (নয়ন), মো. রাশেদুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম ও জয়নাল আবেদিন রিয়াজসহ আরও অনেকে। তারা জানান, প্রতারিত হওয়ার পর একাধিকবার জাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
আদালত সূত্রে জানা গেছে, একটি চেক প্রতারণা মামলায় (এনআই অ্যাক্ট) জাহেদুল ইসলামকে এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
আর এইচ/
