বাংলাদেশ ও তুরস্ক—দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও আন্তর্জাতিক বিমানসংস্থা টার্কিশ এয়ারলাইন্স এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও ব্যক্তিগত ভ্রমণে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।9
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, এই উদ্যোগের ফলে একদিকে যেমন সদস্যদের যাতায়াত ব্যয় হ্রাস পাবে, অন্যদিকে সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। পাশাপাশি, আন্তর্জাতিক মানসম্পন্ন Star Alliance-এর অন্তর্ভুক্ত সুবিধাগুলো সেনাবাহিনীর সদস্যরা সহজেই গ্রহণ করতে পারবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের সহযোগিতা সামরিক সদস্যদের বিদেশ সফর ও দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিযানিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যক্তিগত প্রয়োজনে যাতায়াত ব্যবস্থায় সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, টার্কিশ এয়ারলাইন্স বিশ্বের ১২৯টিরও বেশি দেশে ৩৪০টির বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগের সুযোগ সৃষ্টি করবে।
আর এইচ/
