চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া তারে জড়িয়ে মনির হোসেন রাফি (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহার বানুর বাপের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি ওই এলাকার মনু মিয়ার ছেলে। সে আলহাজ্ব নুরুল আলম চৌধুরী নূরানী ইন্সটিটিউটের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, “রাতে হঠাৎ করে পল্লী বিদ্যুতের একটি লাইনে আগুন লাগে। পরে তারটি ছিঁড়ে পড়ে যায়। আগুন দেখে এলাকাবাসী চিৎকার শুরু করলে রাফি পরিবারের সঙ্গে ঘর থেকে দৌড়ে বের হয়। এ সময় উঠানে পড়ে থাকা ছেঁড়া তারে জড়িয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তার হাত ও ঊরু ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ বিষয়ে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির বটতলী সাবস্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. আলী বলেন, “কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। এটি একটি দুর্ঘটনা। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি।”
আর এইচ/
