প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত শনিবার ২৭ জুলাই দিনব্যাপী বিভিন্ন আয়োজনে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও এন.এ.সি মেমোরিয়াল ফাউন্ডেশন।
দিনের শুরুতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আগ্রাবাদস্থ এন.এ.সি মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এবং চন্দনপুরাস্থ বাসভবনে আয়োজিত হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন নুরুল আবছার চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক জীবনের অবদান। তাঁরা জানান, পাকিস্তান আমলে তিনি ছিলেন ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক। ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৪ সালের সার্বজনীন ভোটাধিকার আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্বাধীনতা সংগ্রামেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন।
তিনি ছিলেন চট্টগ্রাম মহানগর ডেমোক্রেটিক লীগের সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা। পাশাপাশি ইসলামবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি, রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, মা ও শিশু হাসপাতালসহ বহু সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্টজনরা বলেন, “নুরুল আবছার চৌধুরীর কর্ম ও অবদান চট্টগ্রামের ইতিহাসে অনন্য। মহানগরে তাঁর নামে একটি সড়ক নামকরণ এখন সময়ের দাবি।” তাঁরা এই দাবিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নিকট তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন এন.এ.সি মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী। আলোচনায় অংশ নেন লায়ন জানে আলম, ফয়সাল ইকবাল, সৈয়দ শিবলী সাদিক কফিল, স ম জিয়াউর রহমান, ডা. আর কে রুবেল, মো. হাসান মুরাদ, কবি আসিফ চৌধুরী, মুফতি আবদুস সোবহানসহ বিশিষ্ট সমাজসেবক, কবি, সংগঠক ও শুভানুধ্যায়ীরা।
আলোচনার শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনা মিশনের চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন আশরাফী।
আর এইচ/
