যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করতে চায়, তাদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নেয় না, অংশ নিতে দেয় না, নির্বাচন ঠেকাতে চায়, তাদের আসলে রাজনৈতিক দল নয়, তারা প্রেসার গ্রুপের মতো আচরণ করছে।’
রবিবার (১৩ জুলাই) বিকালে নগরীর মুরাদপুর শিক্ষা বোর্ড সংলগ্ন এলজিইডি ভবনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলের ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব নাজিমুর রহমান সভা পরিচালনা করেন।
আমীর খসরু বলেন, ‘যারা দেশে অশান্তি তৈরি করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু। শেখ হাসিনা অন্তত নির্বাচনকে নাটক করে হলেও ধরে রেখেছেন, আর এরা বলছে নির্বাচনই দরকার নেই। তাহলে তারা গণতান্ত্রিক শক্তি কীভাবে হয়? আমাদেরকে জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের জন্য সহনশীলতার সঙ্গে রাজনীতি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। বিএনপির রাজনীতি হবে সহনশীল, শান্তিপূর্ণ এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠার লড়াই। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না।’
আবদুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘নোমান ভাই ছিলেন মাঠের রাজনীতিবিদ। তিনি তৃণমূল থেকে উঠে এসে আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো রাজনীতিবিদ এখন খুবই বিরল।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার প্রমুখ।
মাহবুবের রহমান শামীম বলেন, ‘আবদুল্লাহ আল নোমান ছিলেন বিএনপির ইতিহাসের কিংবদন্তি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে চট্টগ্রামে বিএনপিকে সুসংগঠিত করতে তার ভূমিকা অনন্য।’
ব্যারিস্টার হেলাল উদ্দিন বলেন, ‘নোমান ভাই ছিলেন গণতন্ত্র রক্ষার অগ্রসেনানী। মুক্তিযুদ্ধে তার অবদান চট্টগ্রামের মানুষ চিরকাল স্মরণ করবে।’
সভায় আরও বক্তব্য দেন আবুল হাশেম বক্কর, নাজিমুর রহমান, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদল, ছাত্রদল, ওলামাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘আবদুল্লাহ আল নোমান ছিলেন আপসহীন, সাহসী ও ত্যাগী নেতা। গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান দল কখনো ভোলবে না।’
সভায় বিএনপির শীর্ষ নেতারা আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে সহনশীলতা বজায় রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
আর এইচ/
