চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ রবিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
সভায় চট্টগ্রাম জেলার বিগত মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং প্রতিরোধ, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং নারী ও শিশু নির্যাতন রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য চোরাচালান রোধে সংশ্লিষ্ট সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন। তিনি বলেন, অনিবন্ধিত ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একইসাথে আসন্ন সরকারি অনুষ্ঠানসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আর এইচ/
