গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, একদল যাবে এবং আরেকদল এসে দখল করবে, বাংলাদেশে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবেনা।
তিনি শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট চত্বরে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভিপি নূর আরও বলেন, ঢাকায় চাঁদা না পেয়ে একজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করার জন্য পাথর নিক্ষেপ করে লাশের উপর নৃত্য হয়েছে। এটা কারা করেছে ; সাধারণ মানুষ এটা করে নাই। তারা রাজনৈতিক পরিচয়ে করেছে। সে যুবদলের কর্মী ছিল। সে মনে করেছিল, এভাবে দুই-চারটা মার্ডার করে ত্রাসের রাজত্ব কায়েম করতে হবে। মানুষকে ম্যাসেজ দিতে হবে, সে জেলে গেলেও তার নামে যেন চাঁদা পাঠিয়ে দেয়। ৯০ পরবর্তী সময় থেকে এ ধরনের একটি সন্ত্রাস নির্ভর রাজনীতি এদেশের বিভিন্ন জনপদে চলে আসছিল ।
নূর আরও বলেন, জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আওয়ামীলীগ ও শেখ হাসিনার মত প্রতাপশালী দৈত্য-দানবকে হটিয়েছি, আগামীতে যেন বাংলাদেশে যেন নতুন কোন দৈত্য-দানবের সৃষ্টি না হয় সে জন্য আমাদের জাগ্রত থাকতে হবে। দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশষে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের স্বপ্ন অধরায় থেকে যাবে। আমরা রাজপথে বেরিয়েছি স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য নয় ; স্বপ্নকে সার্থক করে নতুন বাংলাদেশ বির্নিমাণের জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হাসান।
বিশেষ বক্তা ছিলেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য আনিসুল রহমান মুন্না, কামনুর নাহার ডলি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মনজুর মুরশেদ ও শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল রহমান প্রমূখ।
আর এইচ/
