কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের (৪৫) মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার (১লা ফেব্রুয়ারি ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে প্রেস উইং জানায়, যে কোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যা কঠোরভাবে নিন্দনীয়।
বর্তমান সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরা রয়েছেন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় জীবনের প্রতিটি স্তরে মানবাধিকার রক্ষা করা আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
দেশের বিচার ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কয়েকটি কমিশন গঠন করেছে, যাদের বেশিরভাগই প্রতিবেদন জমা দিয়েছে বলেও জানায় প্রেস উইং।
এর আগে শুক্রবার যৌথ বাহিনীর পরিচয়ে গভীর রাতে বাড়ি থেকে তুলে নেওয়ার পর হাসপাতালে তৌহিদুল ইসলাম (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়। নিহত তৌহিদুল জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
আর এইচ/
