চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে পানিতে পড়ে ওয়াজিফা (৫) ও মারিয়া আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুদের মধ্যে ওয়াজিফা মাইজপাড়ার আবু সালেকের মেয়ে এবং মারিয়া একই এলাকার রিয়াজুদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু দুটি সব সময় এক সঙ্গে থাকত, খেলত। আজ সকালে শিশু দুটি সম্ভবত পুকুরে পানি নিয়ে খেলতে নামলে পা পিছলে পড়ে যায়। এরপর আর উঠতে পারেনি। দুপুর ১২টা নাগাদ মারিয়ার মা পুকুরে ভেসে থাকা নিজের মেয়েকে দেখে চিৎকার করলে সবাই জড়ো হয়ে উদ্ধার করে তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
শীলকুপ ইউনিয়ন পরিষদের সদস্য মো. রাশেদ নুরী বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় দুই শিশু। দুপুর ১২টার দিকে হঠাৎ পুকুরে চোখ পড়তেই মারিয়ার লাশ পুকুরে ভাসতে দেখে তার মা। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একই পুকুরে খোঁজ মিলে ওয়াজিফার।
