দিনাজপুরের বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মো. সৈকত নামে এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিচ্ছে সে।
পরীক্ষার্থী সৈকতের বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়া গ্রামে। তার বাবার নাম মো. শফিউল আলম সুরুজ।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা বলেন, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ২বারের ইউপি সদস্য। বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস মারা যান তিনি। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।
বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। তার বাবা মৃত্যুবরণ করার পরেও আজ বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিয়েছে সে।
