সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এ বছর মোট ৩ হাজার ৭০০টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের আওতায় শুরু হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নেবেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২০ মার্চ। কারিগরির লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ শুরু হয়ে শেষ হবে ২১ মার্চ। দাখিল পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা ১৬ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মার্চ। এর আগে গত ২৮ জানুয়ারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইলফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১২ মার্চ পর্যন্ত এসব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
