চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- জিকু (২৫) ও ফয়সাল (২৪)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, বৃহস্পতিবার শামসুল আলম নামে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই চোরকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় বাদী শামসুল আলমের চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
