চট্টগ্রামের কর্ণফুলীতে ১ লাখ ৩৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- ইসমাইল ওরফে কালা বোদা এবং মো. রেদওয়ান। তাদের মধ্যে ইসমাইল কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব ফারির বিলের মৃত আবুল হোসেনের ছেলে। আর রেদওয়ান একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর সময় ইসমাইল ও রেদওয়ানকে গ্রেপ্তার করে র্যাব-৭। সেসময় ইসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ এবং রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা সে সময় বলেছিলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে তারা বিক্রি করতেন।
ওই ঘটনায় র্যাব-৭ এর সেসময়ের ডিএডি মো. খলিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ওই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
