খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সীমান্তে দুর্বৃত্তের গুলিতে দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- রবি কুমার চাকমা ও বিমল চাকমা। গুলিবিদ্ধ হয়েছেন- ত্রিপল চাকমা।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়রা ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
