চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দুর্ঘটনা ঘটেছে। টানেলের ভেতরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালের ডেকোরেটিভ বোর্ডে ধাক্কা দেয়। তবে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
টানেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল মুরগিবাহী একটি পিকআপ। গাড়িটি টানেল অতিক্রম করার সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের টিউবে ধাক্কা দেয়। এতে ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সিসিটিভি ক্যামেরায় দেখার পর গাড়িটি সরিয়ে নেওয়া হয়।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, টানেলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারায়। তবে এতে বড় ধরনের ক্ষতি হয়নি।
