চট্টগ্রামে নগরীর বায়েজিদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও ১০টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।
গত রোববার রাত থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে বায়েজিদ থানাধীন বার্মা কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সাব্বির হোসেন শাওন, মো. ইমরান, মো. নজরুল, ইসমাইল উদ্দিন আকা, মো. হাসান, মো. সজিব, ইয়াসিন রায়হান হৃদয় বাবু, মো. রমজা, শাকিল, হাবিব, রাসেল, ইমরান হোসেন, ইমন, আরিফুল ইসলাম, মানিক, সুমন ও মনির।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে বার্মা কলোনির সামনে থেকে সাব্বির হোসেন শাওনের নেতৃত্বে মাদকবিরোধী মিছিল বের হয়। ২০-৩০ জন তরুণ এতে অংশ নেন। মিছিলটি আলীনগর এক নম্বর সড়ক দিয়ে এগিয়ে আমিন কলোনির সামনে পৌঁছায়। ওইদিন কলোনিসংলগ্ন মোহাম্মদ নগরের ৯ নম্বর সড়কে একটি অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় কাউন্সিলর মোবারক আলী। মিছিলে থাকা তরুণরা এ সময় প্রকাশ্যে কিরিচ ও অস্ত্র বের করে স্লোগান দিতে থাকেন। তখন কাউন্সিলরের সঙ্গে থাকা তাঁর অনুসারীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে পালানোর সময় শাকিল অস্ত্র বের করে ফাঁকা গুলিবর্ষণ করেন। এ ছাড়া চকলেট বোমা ফুটিয়ে আতঙ্ক তৈরি করেন তারা। পালানোর সময় ওই তরুণরা অন্তত সাতটি দোকান ভাঙচুর ও লুটপাট করেন। আবদুল্লাহ আল মাহমুদ নামে একজনকে কুপিয়ে জখম করেন তারা। পরে মাহমুদের ভাই আবদুল মনির ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, তারা সবাই সন্ত্রাসী বার্মা সাইফুলের অনুসারী। তাঁর নেতৃত্বে বায়েজিদ এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা হয়। সাইফুল জেলে থাকায় তাঁর ভাই সবুজ গ্রুপের নেতৃত্ব দেন। এলাকায় প্রভাব দেখাতে সবুজের নির্দেশে মাদকবিরোধী মিছিলের নামে শোডাউনের আয়োজন করা হয়েছিল। গ্রেপ্তার ১৭ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
