দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই দিন বেলা তিনটায় এ অধিবেশন শুরু হবে।
সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক (যুগ্ম সচিব) মো. তারিক মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৩০ জানুয়ারি রোজ মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম ও ২০২৪ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
তিনি বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১০ জানুয়ারি। শপথ নেওয়ার ৩০ দিনের মধ্যে অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
