ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, ‘সাংবাদিকরা সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা আমাদের পক্ষে এতটা সহজ হতো না।
আজ রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক-সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
ডিবি প্রধান হারুন বলেন, ক্র্যাব আমাদের যেকোনো বিষয়েই সাহায্য করে। আমরাও সুযোগ পেলেই এখানে আসার চেষ্টা করি। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ক্রাইম রিপোর্টারদের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, পুলিশে যারা কাজ করে তারা অনেক তথ্যউপাত্তই পায় না, যা সাংবাদিকরা পায়। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়েই আমরা কাজ করি।
হারুন অর রশীদ বলেন, পুলিশ-সাংবাদিকের প্রথম কাজ মানুষকে সংশোধন করা। সাংবাদিকরা আমাদের সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা এতটা সহজ হতো না। যেকোনো বিষয়ে যখন আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি, এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনেক।
এ সময় ডিবি প্রধান সাংবাদিকদের যেকোনো বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। ক্র্যাবের নতুন কমিটির সঙ্গে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
