মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিদায়ী মন্ত্রিসভায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পান তিনি।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মন্ত্রিপরিষদ সচিব মহোদয় আমাকে ফোন করেছেন। তবে কোন মন্ত্রণালয়ের জন্য সেটা জানানো হয়নি।
এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হচ্ছে।
