চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (৮ জানুয়ারি) রাতে সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। সে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি বলেন, ভোটের সময়ে গুলিবর্ষণকারী শামীমকে সীতাকুণ্ড উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, রোববার আসনটির পাহাড়তলী কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করে ব্ল্যাক শামীম।
