গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১ বছর ধরে বন্ধ ছিলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির লিমিটেডে (সিইউএফএল)।
গ্যাস সংকট ও ত্রুটি সারিয়ে রোববার(৫ নভেম্বর ) ভোর ৪টা থেকে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই সার কারখানাটি।

এর মধ্যে গত মে মাসে একবার চালু হলেও গ্যাস সংকটের কারণে উৎপাদন ফের বন্ধ হয়ে যায় দেশের বৃহত্তম রাষ্ট্রীয় এই সার কারখানা।
সিইউএফএল সূত্র জানায়, কারখানাটি গত ২২ নভেম্বরে বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার অ্যামুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকে সিইউএফএলের উৎপাদন। এর পর কারখানা চালু হলে গ্যাস সংকটের কারণে ফের বন্ধ হয়ে যায়।
তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। কারখানাটি সচল থাকলে দৈনিক ১হাজার মেট্রিক টন অ্যামোনিয়া গ্যাস ও ১১শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে সক্ষম। দীর্ঘ ১ বছর ধরে কারখানা বন্ধ থাকায় প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় ইউরিয়া উৎপাদন প্রায় এক বছর বন্ধ ছিল। আজকে ভোর ৪টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আশা করছি কারখানা এবার পুরো ধমে চালু করা যাবে। তবে কারখানাটি পুরাতন উৎপাদন ক্ষমতা কতটুকু সেটি চালু হওয়ার পর জানা যাবে।
