চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীকে ‘শিক্ষা বৃত্তি’ দিয়েছে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সেনেট কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষার্থীর প্রত্যেকে এককালীন নগদ চার হাজার টাকা এবং এক হাজার টাকার শিক্ষা উপকরণ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার অনুষ্ঠানে বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। একে সাধুবাদ জানাই।
বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ যে অনাড়ম্বর জীবন যাপন করেন, সেটি সবার জন্য অনুকরণীয়। তার গড়া ফাউন্ডেশন যেভাবে সমাজের সেবা করে যাচ্ছে, তা থেকেও অনেক কিছুর শেখার আছে।
উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, বিদ্যানন্দ যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তেমনি করে শিক্ষার্থীরাও দেশ গঠনে একে অপরের পাশে দাঁড়াবে বলে আশা করি।
প্রতিবছর বিদ্যানন্দ ‘শিক্ষা বৃত্তি’ প্রোগ্রাম করে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে সারা দেশে জেলা থেকে উপজেলা পর্যায়ে কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে।
বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক ও ময়মনসিংহ ক্যাডেট কলেজের শিক্ষক নাজমুলমু হোসেনের সঞ্চালনায় এবং বোর্ড সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিদ্যানন্দ ফাউন্ডেশন যাকাত বোর্ডের মেম্বার ড. মোরশেদুলদু হক, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাজসেবায় অবদানের জন্য ২০২৩ সালে একুশে পদকে ভূষিত হয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। ২০২২ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জাতীয় মানবকল্যাণ পদক এবং ২০২১ সালে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে ‘কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট’ পদকে ভূষিত হয় স্বেচ্ছাসেবী সংস্থাটি।
