যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে র্যাব ‘ভাবছে না’ বলে মন্তব্য করেছেন এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত’ সমাজ গঠনে র্যাব আগের মতই কাজ করে যাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভিসা নীতি নিয়ে র্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কী না জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ২০২১ সালের ডিসেম্বরে র্যাবের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। কিন্তু এটা (ভিসা নীতি) নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।
প্রতিষ্ঠার পর থেকে র্যাব সন্ত্রাস-জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে দাবি করে মঈন বলেন, ভিসা নীতি একটি দেশের বিষয়। তারা (যুক্তরাষ্ট্র) তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কমান্ডার মঈনের ভাষ্য, এখনো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে র্যাব কাজ করে।
এমন কি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মত একটি জঙ্গি সংগঠনকে মূল থেকে উপড়ে ফেলার কাজটিও র্যাবই করেছে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ওপর নিষেধাজ্ঞার দেড় বছরের মাথায় গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
এ নীতির অধীনে বাংলাদেশের ‘গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী’ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
আর এই নীতি আরোপ শুরু হয় গত মাসের শেষ দিকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে জানান, যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের মধ্যে ক্ষমতাসীন এবং বিরোধীদলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এসব ব্যক্তির পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হতে পারেন।
