রাঙ্গুনিয়ায় আজিজুল হক শামীম (৩৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বহু অপকর্মের নেতৃত্ব দানকারী শামীম রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার ঘাটচেক এলাকা থেকে আজ সকালে গ্রেপ্তার আজিজুল হক শামীমের বিরুদ্ধে একাধিক মাদক ও গুলি করে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া পৌরসভা এলাকার নুরজাহান কমিউনিটি সেন্টারের সামনে এক মোটরসাইকেল চালকের উপর অস্ত্র নিয়ে হামলা করার অভিযোগও রয়েছে শামীমের বিরুদ্ধে। এছাড়াও হামলার সময় শামীম নেশাগ্রস্ত অবস্থায় থাকলেও তার সাথে পৌরসভা যুবলীগের এক নেতা ছিলেন। তবে পৌরসভা যুবলীগের সে নেতার নাম প্রকাশ করেন নি তাঁরা।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “শামীমের বিরুদ্ধে মাদক মামলা ছিলো, আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সেই মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন”
