সাতকানিয়ার বীর মুক্তিযোদ্ধা মিলন বড়ুয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি উপজেলার পুরানগড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড শীলঘাটা এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ বাহিনীর চৌকসদল বিউগলের করুন সুর বাজিয়ে গার্ড অব অনার প্রদান করে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আরাফাত সিদ্দিকী মিলনের মরদেহে জাতীয় পতাকা জড়িয়ে দেন। পরে সন্ধ্যার দিকে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়। এসময় সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের এলএমজি ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মিলন বড়ুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ৪৪ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার পরলোকগমন করেন। মিলন বড়ুয়া ঢাকা শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া দিপুর বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
শেষকৃত্য অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: আমানুর রশিদ হিরু, বান্দরবান পৌরসভার মেয়র শামশুল ইসলাম, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, পুরানগড় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম সিকদার, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, পুরানগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এফ এম আতাউল ইসলাম ও মুক্তিযোদ্ধা হুমায়ুন কাদের।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপজেলা প্রশাসন, সাতকানিয়া থানা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরদেহে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
