জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটে জেএফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল রোববার সকাল ১০টা ১২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে চার ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন।
