চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ ডেঙ্গু রোগী।
শনিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া দু’জন হলেন, রোকেয়া বেগম (৪০) ও শিশু ফাহিমা আক্তার (২)।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৭৭ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯০ জন।
