খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছে এক কলেজছাত্র।
বুধবার বিকাল ৫টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান।
নিহত ১৭ বছর বয়সি মো. আরিফ হোসেন ওই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আরিফ বাড়ির অদূরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে আকস্মিক বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী। এ সময় তিনি আরিফের বাবার হাতে ২০ হাজার টাকা তুলে দেন।
