এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মরক্বোয় নিহতের সংখ্যা বেড়ে ২,০১২ জন হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আহতে সংখ্যাও।
এখন পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার ২,০৫৯ জনের মধ্যে ১,৪০৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উদ্ধার অভিযান এখনো চলছে এবং ভূমিকম্পের কেন্দ্রের কাছের প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলোতে পৌঁছানো কঠিন হওয়ায় ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফ্রিকার দেশ মরক্কো। তাতে ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্য পর্যটন শহর মারাকেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শহরটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হাই অ্যাটলাস পর্বতমালা ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
ভূমিকম্পে এই প্রাণহানির পর দেশজুড়ে তিনদিনের শোক ঘোষণা করেছেন মরক্কোর বাদশা মোহাম্মদ (ষষ্ঠ)।
সবচেয়ে বেশি মানুষ মারা গেছে আল হাউজ প্রদেশে। তারপরেই আছে তারউদান্ত প্রদেশ।
জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্ধার অভিযান এবং ভূমিকম্প দুর্গতদের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে।
