চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩১ ডেঙ্গু রোগী।
সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩১ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫২ জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ৪৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৬৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিবি আলমাস নামে ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গত ২ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং ৩ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে।
