চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরী বিভাগের গেটের সামনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর। এসময় জব্দ করা হয় আনুমানিক ২ লাখ টাকার অনিবন্ধিত ঔষধ এবং দু’টি খাবার হোটেলসহ ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
জেলা প্রশাসন জানায়, অভিযান চালানোর আগে রোগী সেজে সেখানে যান জেলা প্রশাসন এর কয়েকজন কর্মচারী। কোন ঔষধের দোকানে তখন ডেঙ্গু রোগীর জন্য অতি জরুরি ডিএনএস স্যালাইন পাওয়া যায় নি। কিন্তু কিছুক্ষণ পরেই সকল দোকানে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন পাওয়া যায়। মূলত স্যালাইন এর কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে চাইছে একটি সিন্ডিকেট। অভিযানকালে চারটি ফার্মেসী থেকে আনুমানিক প্রায় ২ লাখ টাকার অনিবন্ধিত ঔষধ জব্দ করা হয়। এসময় সাহান মেডিকোতে ২০ হাজার, সবুজ ফার্মেসীকে ১০ হাজার, ইমন মেডিকেল হলকে ২০ হাজার এবং পপুলার মেডিসিন কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভান্ডারি হোটেল এবং আল মঞ্জুর হোটেলকে ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফীন ও পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন উপস্থিত ছিলেন।
