জ্বরের কারণে বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এনামুল হক বিজয়।
বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় এ খবর।
নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণেও ছিল। লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি।’
অবশ্য এর আগে লিটনের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল সাইফ হাসানের নাম। তবে তার ডেঙ্গু ধরা পড়ায় আর বিবেচনা করা যায়নি। এরপর জাকির হোসেনের নামটাও এসেছে জোরেশোরে। সেই পথেও হাঁটেনি বিসিবি।
শেষ পর্যন্ত অবশ্য বিজয়ের দ্বারস্থ হয়েছে ক্রিকেট বোর্ড। ৩০ বছর বয়েসী বিজয় এর আগে বাংলাদেশের হয়ে ৪৪ টি ওয়ানডে খেলেছেন। সবশেষ তাকে দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে ওয়ানডেতে। জাতীয় দলে নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রীতিমত রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি।
এশিয়া কাপে অবশ্য বিজয়ের পরিসংখ্যান বেশ ভাল। মাত্র এক আসর খেলেই জায়গা করে নিয়েছেন উইজডেনের বাংলাদেশ একাদশে। খেলেছিলেন কেবল ২০১৪ সালে। সেবার বাংলাদেশ দল ভাল কিছু করতে ব্যর্থ হলেও বিজয় ছিলেন দারুণ ছন্দে। ৪ ম্যাচে ৫৬ দশমিক ৭৫ গড়ে করেছিলেন ২২৭ রান। পাকিস্তানের বিপক্ষে ১০০ আর ভারতের বিপক্ষে ছিল ৭৭ রানের দারুণ দুই ইনিংস।
