পটিয়া উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পটিয়া হাইওয়ে থানার ওসিকে ভর্ৎসনা করেছেন হুইপ সামশুল হক চৌধুরী এম.পি।
মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদের হল রুমে এই সভ অনুষ্ঠিত হয়।
পটিয়ায় সাম্প্রতিক সময়ে সিএনজি ট্যাক্সিতে ছিনতাই বেড়ে যাওয়াসহ, মহাসড়কে থ্রী হুইলার বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সড়ক দূর্ঘটনা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন হুইপ সামশুল হক চৌধুরী।
এসময় পটিয়া হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ ধরকে হুইপ জিজ্ঞেস করেন, টোকেন থাকলে গাড়ি চলবে টোকেন না থাকলে মামলা দিবেন, ঝোপঝাড়ে আড়াল থেকে হুটহাট বের হয়ে গাড়ি আটকান, টোকেন যদি আপনারা দেন বিআরটিএর কাজটা কি?
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে থানাকে আরো সক্রিয় থাকতে হবে।
সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান এবং জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। তাদের এই অপতৎপরতা রুখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন উনারা।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার তার বক্তব্যে বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ সব সময় সজাগ রয়েছে। কোথাও সন্ত্রাসী তৎপরতা দেখলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান করেন তিনি।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ।
