চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণার পানিতে ডুবে সোহানুর রহমান (২৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।
নিহত সোহানুর রহমান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মুন্সি আবুল হাসেমের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগাড়া উপজেলা থেকে তিন বন্ধু একসঙ্গে সহস্রধারা ঝরনায় বেড়াতে আসেন। নৌকায় করে লেক দিয়ে ঝরনা দেখে ফেরার পথে পানিতে লাফ দেয় দুই বন্ধু রিয়াদ ও সোহানুর। এতে প্রথম বন্ধু রিয়াদ নৌকায় উঠতে পারলেও দ্বিতীয় বন্ধু সোহানুর নৌকায় আর উঠতে পারেননি। একপর্যায়ে তলিয়ে যায় সে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তিন বন্ধু বেড়াতে এসে লেকের পানিতে লাফ দিলে প্রথম বন্ধু নৌকায় উঠলেও দ্বিতীয় বন্ধু ডুবে যায়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
