চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদে নালায় পড়ে ১৮ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশিম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির নাম ইয়াছিন আরাফাত। তার বাবার নাম সাদ্দাম হোসেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক বলেন, রোববার বিকেলে ওই শিশু কেএম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নর্দমার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছে।
