চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪৫৫ জন পরীক্ষার্থী।
রবিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১১৩টি কেন্দ্রে মোট ৯২ হাজার ৪০৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর হার শতকরায় শূন্য দশমিক ৪৮ ভাগ প্রায়। এরমধ্যে চট্টগ্রামের ৬৯টি পরীক্ষা কেন্দ্রের ৬৬ হাজার ১২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট ৬৬ হাজার ৪২৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২৯৯ জন। কক্সবাজারে ১১ হাজার ৭০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১১ হাজার ৬৩০ জন এবং অনুপস্থিত ছিল ৭৩ জন। রাঙামাটি জেলায় ৪ হাজার ৭২১ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৭০১ জন। অনুপস্থিত ছিল ২০ জন পরীক্ষার্থী। একইভাবে খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ১০৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৬৯ জন এবং অনুপস্থিত ছিল ৩৮ জন। বান্দরবান জেলায় ৩ হাজার ৪৫২ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৪৩৭ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, আজ এইচএসসি পরীক্ষার প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অতি বৃষ্টির কারণে নগরের কেন্দ্রেগুলোতে পরীক্ষা এক ঘন্টা দেরিতে শুরু হয়। তাছাড়া সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। আজকের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৫ জন।
