চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণে জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে সকাল ১১টায় শুরু হয়েছে।
রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।
তিনি জানান, ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে না পারার কারণে শিক্ষা উপমন্ত্রী পরামর্শে প্রথম দিনের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অন্য পরীক্ষাকেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা কেন্দ্রের ভেতরে থাকবে। এতে নগরীর কেন্দ্রগুলোতে এক ঘণ্টা পিছিয়ে পড়লেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।
