সাতকানিয়া থানা পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়া পুলিশ সদস্য।
আজ শুক্রবার ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া খুঁনি বটতল এলাকার জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে ওই ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ভুয়া পুলিশ হলো, মো. সাইফুল ইসলাম (৩৬)। সে নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ লক্ষণখোলা ২৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন সাউদ এর ছেলে।
এসময় তার কাছ থেকে ১টি পুলিশ বেল্ট, ১টি পুলিশ ক্যাপ, ১টি জ্যাকেট, ১টি কালো ক্যাপ, ২টি এনড্রয়েট মোবাইল ফোন ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করে থানা পুলিশ।
সাতকানিয়া থানার এস, আই মাজহারুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর গাড়ি তল্লাশীকালে ঢাকাগামী রবি এক্সপ্রেস থেকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের টুপি, বেল্ট ও জ্যাকেট পরিহিত এক যুবককে সন্দেহ হলে তাকে আটক করে জানতে চাইলে সে জানান- টেকনাফ থানায় কর্মরত। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করে।
সাতকানিয়া থানার (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুয়া পুলিশ সেজে বিভিন্ন এলাকায় অপকর্ম করে বেড়ায় বলে জানায়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আজ (শুক্রবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
