রাশিয়ায় মস্কোর কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী সংস্থা ভাগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বিধ্বস্ত বিমান এমব্রেয়ার লিগ্যাসি জেটের যাত্রী ছিলেন বলেন নিশ্চিত করেছে রুশ বিমান কর্তৃপক্ষ- রোসাভিয়েতসিয়া। বিমানের আরোহীসহ ১০ জনের সবাই নিহত হয়েছেন। খবর বিবিসি, গার্ডিয়ান, রয়টার্স ও সিএনএনের।
বুধবার (২৩ আগস্ট) রাতে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য জানায়।
তারা আরও জানায়, একটি ব্যক্তিগত বিমানে ভ্রমণ করছিলেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। বিমানটিতে মোট ১০ জন আরোহী ছিল। রাশিয়ার তিভের অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানের ১০ আরোহীর মধ্যে সাতজন যাত্রী ও তিনজন ক্রু।
ওয়াগনার গ্রুপ নিজেদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছে, প্রিগোজিন “রাশিয়ার বিশ্বাসঘাতকদের কর্মের ফলে মারা গেছেন। তবে এমনকি জাহান্নামেও তিনি সেরা হবেন! তিনি রাশিয়ার গৌরব!’
রাশিয়ার বিমান পরিবহন সংস্থা রোসাভিয়েতসিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিমানের যাত্রীদের তালিকায় ইয়েভজেনি প্রিগোজিনের নাম পাওয়া গেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভাগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে, মস্কোর উত্তরে তিভের অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলায় এমব্রেয়ার বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়দের বরাতে তারা আরও জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
