শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। এ বছর ২০-২২টি দেশে নির্বাচন। এ নিয়ে তাদের কথা নেই। আসল জায়গায় পারে না। নাইজারে কী করে আমরা দেখব।’
তিনি বলেন, ‘বিএনপি যেসব দাবিতে গো ধরে আছে সেসব দাবি নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন, ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়।
আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।’
